সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবেই সবাই সমান অধিকার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৫:২৫ এএম
সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবেই সবাই সমান অধিকার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বসবাসকারী কোনো সম্প্রদায়ের মানুষকে আলাদাভাবে ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর স্পষ্ট বক্তব্য, ধর্ম কিংবা অন্য কোনো বিভাজনের ভিত্তি নয়, নাগরিকত্বের ভিত্তিতেই এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা উপভোগ করবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর আর্গুমেন্ট, সবার প্রথম ও প্রধান পরিচয় হওয়া উচিত ‘বাংলাদেশি’। অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নেতৃত্বের অবস্থানই হলো ‘সবার আগে বাংলাদেশ’। সেই হিসেবে প্রত্যেকে আগে বাংলাদেশি, ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় তার পরে আসবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সরকার অনুসরণ করছে ‘সবার জন্য বাংলাদেশ’ ধারণাটি।

পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, এ দেশের সচেতন জনগণ তাদের সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার-অনুষ্ঠান নিশ্চিত করা হয়েছে। জনগণই প্রকৃত বিচারক, তাঁরা ইতোমধ্যে রায় দিয়েছেন; গণতন্ত্র মজবুত রাখতে এবং উগ্রবাদ ও অসুর শক্তির বিপক্ষে দাঁড়াতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সংবিধানের বাধ্যবাধকতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য সংবিধানের চেতনারই লঙ্ঘন। নাগরিকত্বকে কেন্দ্র করে নেওয়া এই অবস্থান দেশের সব সম্প্রদায়ের মাঝে সমতা ও আস্থার সংস্কৃতি আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...