ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদের সুযোগ নেই: মুক্তাদির

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩০ পিএম
ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদের সুযোগ নেই: মুক্তাদির

বাংলাদেশের সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তা-ই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এদেশের মানুষ বিভাজন তৈরির কোনো সুযোগ কখনোই কাউকে দেবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।

মন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার যে ঐতিহ্য রয়েছে, তা যুগ যুগ ধরে চলে আসছে। বিভিন্ন সময় রাজনৈতিক স্বার্থ হাসিলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলেও জনসাধারণের ঐক্য আর পারস্পরিক সম্পর্ক কখনো ভেঙে পড়েনি। স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময়ে উত্তেজনার ঘটনা মাঝে মাঝে আলোচনায় এলেও সেগুলোর সঙ্গে আমজনতার কোনো যোগ নেই; জড়িয়ে থাকে শুধু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী।

তিনি বলেন, পরিবার, সমাজ ও প্রতিবেশের সম্পর্কের মূল ভিত্তিই হলো সম্প্রীতি। এ দেশে ধর্মীয় পরিচয় নিয়ে বিদ্বেষ নয়, প্রাধান্য পায় সহযোগিতা ও পাশে থাকার মানসিকতা।

৫ আগস্টের পরের পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে নানা আলোচনা ও গুজব চললেও মাঠপর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মন্দির, মসজিদ, প্যাগোডা ও গির্জাসহ সব উপাসনালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, আর সাধারণ মানুষ সবসময় এসব স্থাপনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা নিয়ে এসেছে।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের এই ঘনবসতিপূর্ণ দেশে বিভাজনের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ম, বয়স, পেশা বা মতের পার্থক্য সরিয়ে রেখে জাতীয় স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ছাড়া দায়িত্বে থাকা নেতৃত্বের প্রতি তিনি সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...