সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি: বাণিজ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি: বাণিজ্যমন্ত্রী

শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে রাজধানীর স্বামীবাগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের প্রাণশক্তি। তার মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ কখনোই বিভেদ সৃষ্টির সুযোগ দেবে না।

মন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার ঐতিহ্য প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থ হাসিলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলেও জনসাধারণের ঐক্য কখনো ভাঙেনি। স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময়ে সাম্প্রদায়িক উত্তেজনার যেসব ঘটনা সামনে এসেছে, সেগুলোর সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, বাংলাদেশের পারিবারিক, সামাজিক ও প্রতিবেশী সম্পর্কের ভিত্তিই হলো সহাবস্থান ও সহযোগিতা, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিদ্বেষ নয়।

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে মুক্তাদির বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা ও গুজব প্রচারিত হলেও মাঠপর্যায়ের বাস্তবতা একেবারে ভিন্ন। দেশের মন্দির, মসজিদ, প্যাগোডা ও গির্জাগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অটুট রয়েছে এবং উপাসনালয়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষ সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের এই ঘনবসতিপূর্ণ দেশে বিভাজনের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়। ধর্ম, বয়স, পেশা ও মতামতের পার্থক্য ভুলে সবাইকে দেশের অগ্রগতির জন্য একযোগে কাজ করতে হবে। নেতৃত্বে থাকা ব্যক্তিদের সমালোচনা গ্রহণের মানসিকতা নিয়ে এগোতে বলে মন্ত্রী ধৈর্য ও সহনশীলতা বজায় রাখারও আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...