সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবেই সবার সমান অধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৬ পিএম
সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবেই সবার সমান অধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশের বুকে বসবাস করা কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়কেই আর ‘সংখ্যালঘু’ বলে চিহ্নিত হতে হবে না। ধর্মীয় পরিচয় বা অন্য কোনো বিভাজন নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও সুরক্ষা পাবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সবার আগে আমাদের পরিচয় হওয়া উচিত আমরা বাংলাদেশি। আমাদের নেতা স্পষ্ট ভাষায় বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। সেই হিসাবে প্রত্যেকের প্রথম পরিচয় বাংলাদেশি হওয়া উচিত; ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় তার পরে আসবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্র পরিচালনার মূল নীতিই হচ্ছে সবার জন্য বাংলাদেশ।

অতীতের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, যারা রাজনৈতিক ফায়দা লুটতে সনাতন ধর্মাবলম্বীদের নির্দিষ্ট কোনো দলের ‘ভোট ব্যাংক’ মনে করত, দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার-অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দিয়েছে সরকার। এক্ষেত্রে বিচারক জনগণই, আর আগামীতেও সব ধরনের অসুর শক্তি ও উগ্রবাদের বিপরীতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবিধানের চেতনার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্যের সুযোগ রাষ্ট্রের নীতিতে নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...