নামজারিতেই হালনাগাদ হবে জমির প্রকৃত শ্রেণি, ব্যবস্থা চালু হচ্ছে ই-মিউটেশনে

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৩ পিএম
নামজারিতেই হালনাগাদ হবে জমির প্রকৃত শ্রেণি, ব্যবস্থা চালু হচ্ছে ই-মিউটেশনে

নামজারির সময় জমির বাস্তব বা প্রকৃত শ্রেণিকেই রেকর্ডিয় শ্রেণি হিসেবে খতিয়ানে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর মাধ্যমে দীর্ঘদিনের রেকর্ডিয় শ্রেণি হালনাগাদের জটিলতা কিছুটা দূর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে ই-মিউটেশন সিস্টেমে প্রয়োজনীয় সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রেকর্ডিয় শ্রেণি হালনাগাদ রাখা। প্রাকৃতিক কারণে কিংবা মানুষের নিজস্ব প্রয়োজনে জমির শ্রেণি বদলে যায়। সেই পরিবর্তিত শ্রেণি রেকর্ডে অন্তর্ভুক্ত না করা হলে ভূমি রেজিস্ট্রেশনসহ অন্যান্য কাজে জমির সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শ্রেণি পরিবর্তনের নিয়মিত কোনো ব্যবস্থা না থাকায় রেকর্ডিয় শ্রেণিও হালনাগাদ হওয়ার সুযোগ পাচ্ছে না। বর্তমানে ই-মিউটেশন সফটওয়্যারে নামজারি করার সময় রেকর্ডিয় শ্রেণি পরিবর্তনের কোনো অপশন নেই। ভূমি উন্নয়ন কর আদায়, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য শ্রেণি নিয়মিত হালনাগাদ করা অত্যন্ত জরুরি।

এ প্রেক্ষাপটে কোনো ব্যক্তি নামজারির আবেদন করলে আবেদন মঞ্জুরের সময় জমির বাস্তব শ্রেণিকে রেকর্ডিয় শ্রেণি হিসেবে নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে চালু করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবস্থাটি কার্যকর হলে ভূমি রেকর্ড আরও নির্ভুল হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করছে মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...