চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগা গ্রেফতারে বাধা, আহত পুলিশের ৬ জন

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৯ পিএম
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগা গ্রেফতারে বাধা, আহত পুলিশের ৬ জন

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২)-কে গ্রেফতারের চেষ্টার সময় অতর্কিত হামলার মুখে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এসময় ওসির সরকারি গাড়িও ভাঙচুরের শিকার হয়।

পুলিশ জানায়, হামলা ও গাড়ি ভাঙচুরের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বাসার ভেতরে লুকিয়ে রাখা একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে ওয়াকিল হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। পরিস্থিতি সামলাতে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করতে বাধ্য হয়। পরে আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর একাধিক পুলিশ দল ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলিপথ ও সন্দেহভাজনের বাসভবনে সাঁড়াশি অভিযান চালায়। এসময় বাসার ভেতরে গোপন সুড়ঙ্গ ও পালানোর পথ আবিষ্কৃত হয়। পুলিশের অভিযোগ, পরিবারের সদস্যদের সহায়তায় অভিযান শুরুর আগেই সেই পথ দিয়ে পালিয়ে যান ওয়াকিল। অভিযান চলাকালে মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশকে হুমকি দেয় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেও জানানো হয়েছে।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, কলেজ শিক্ষককে পেটানোর ঘটনায় নিয়মিত মামলা হওয়ার পাশাপাশি ওয়াকিলের বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি অভিযোগ করেন, আসামি পক্ষ পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড স্থাপন করে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সরকারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। পলাতক এই সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...