শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে গিয়ে খুলশীতে পুলিশের ওপর হামলা, আহত ৬

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৭ পিএম
শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে গিয়ে খুলশীতে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পুলিশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২)-কে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার ওয়্যারলেস মোড় ও পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ তার বডিগার্ডসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ওসির ব্যবহৃত সরকারি গাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, অস্ত্র মামলার ওয়ারেন্টসহ নানা অভিযোগের ভিত্তিতে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তা অবরোধ করে হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ তিন-চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। এই এলোমেলো পরিস্থিতির সুযোগ নিয়ে বাসার ভেতরে তৈরি করা গোপন সুড়ঙ্গপথ ধরে পালিয়ে যায় ওয়াকিল হোসেন বলে জানিয়েছে পুলিশ। আহত সদস্যদের পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হামলার পর খুলশী থানা পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলিপথ ও সন্দেহভাজনের বাসভবনে সাঁড়াশি তল্লাশি চালায়। অভিযানে বাসার ভেতর থেকে পালানোর গোপন সুড়ঙ্গের অস্তিত্ব ধরা পড়ে। পুলিশের অভিযোগ, পরিবারের সদস্যদের সহায়তায় অভিযান শুরুর আগেই সেখান থেকে বেরিয়ে যায় ওয়াকিল। এছাড়া অভিযান চলাকালে মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশকে বিভিন্ন হুমকি দেয় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, কলেজশিক্ষককে মারপিটের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পর ওয়াকিল হোসেনের বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, আসামিরা পরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...