রূপপুরের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সময়সীমা পিছিয়ে যাচ্ছে, আসছে রুশ বিশেষজ্ঞ দল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময়সীমা পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় পরীক্ষা শুরু হয়। পরিকল্পনা ছিল, চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কয়েকটি ধাপে পরীক্ষা সম্পন্ন হয়ে এরই মধ্যে ‘বি’ স্টেজ শেষ হলেও দুটি সেফটি ভালভে সমস্যা ধরা পড়ায় ‘সি’ স্টেজে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
সমস্যার বিষয়টি আড়াল না করে স্বীকার করে মন্ত্রী বলেন, ভালভটি কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে ত্রুটি রয়েছে, সেখানেই সমাধান করা হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন করা হবে, অথবা বিদ্যমান ভালভটি দ্রুততম সময়ে সংস্কারের নির্দেশ দেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দেশের ব্যান্ডউইথ সংকট এবং বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্স ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের কোনো সুযোগ নেই। কয়েকটি কোম্পানি মিলে অনুমতি ছাড়া সাবমেরিন কেবল বা লাইন নেওয়ার ঘটনা তিনি নিয়মনীতি বহির্ভূত বলে মন্তব্য করেন।

