জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে র‍্যাবের কঠোর নিরাপত্তা প্রস্তুতি

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:০১ এএম
জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে র‍্যাবের কঠোর নিরাপত্তা প্রস্তুতি

সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশজুড়ে পালিত হবে। উৎসবকে ঘিরে কোনো নাকানি-চুকানির ঘটনা যেন না ঘটে, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষে সারাদেশে বৃদ্ধি পেয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম, পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ ফোর্স।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান র‍্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিক কাজ করছে র‍্যাব। প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে।

আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। উৎসবকে টার্গেট করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সেসব সংগঠনের অপতৎপরতা ও চলাফেরার ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের সুরক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য। শোভাযাত্রার সামনে-পেছনে এবং ডানে-বামে পর্যাপ্ত ফোর্স থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স সবসময় সজাগ রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...