শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের জন্য চালু হলো বিশেষ বাস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের নির্ধারিত ডিউটি পোস্টে নিরাপদে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে বিশেষ বাস পরিষেবা শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, বাহিনীর মহাপরিচালক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ আনসার সদস্যদের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে কর্মরত এসব অঙ্গীভূত আনসার সদস্যকে ডিউটির সময় যাতায়াতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ বাস পরিষেবা চালুর ফলে তারা এখন তুলনামূলক কম সময়ে এবং নিরাপত্তার সঙ্গে নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে পারবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
ওয়েলফেয়ার ট্রাস্টের এই দুটি বাস বার্ষিক ৪২ লাখ ৪৫ হাজার ৬৮০ টাকা চুক্তিভিত্তিক ভাড়ায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে এবং এই ভাড়ার দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মহলের ধারণা, এ উদ্যোগ ভবিষ্যতে বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যদের কর্মপরিবেশ ও দক্ষতা আরও উন্নত করবে।

