রূপপুরের ভালভ জটিলতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে দেরি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ পাইলট-অপারেটেড রিলিফ ভালভে ত্রুটি ধরা পড়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সীমা আরও পেছনে সরেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরতেই এই আয়োজন।
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। শুরুতে ধারণা ছিল, চার থেকে ছয় মাসের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ যাবে। পরীক্ষার একাধিক ধাপ পেরিয়ে ‘বি’ স্টেজ এরই মধ্যে শেষ হলেও দুটি সেফটি ভালভে ত্রুটি থাকায় ‘সি’ স্টেজে এগোনো যাচ্ছে না।
সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফকির মাহবুব আনাম বলেন, বিষয়টি আড়াল না করেই প্রকাশ করছি। ত্রুটির কারণ অনুসন্ধানে রাশিয়া থেকে বিশেষজ্ঞদের একটি দল আসছে। যেখানে সমস্যা, সেখানেই সমাধান হবে। প্রয়োজনে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন করা হবে, নয়তো বিদ্যমান ভালভটি সম্ভাব্য কম সময়ে সংস্কারের নির্দেশ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে দেশের ব্যান্ডউইথ সংকট ও বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্স ঘিরে সৃষ্টি হওয়া জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, প্রতিটি কোম্পানিকে স্বতন্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল; মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তিনটি প্রতিষ্ঠান মিলে কনসোর্টিয়াম করে সাবমেরিন কেবল বা লাইন নেওয়া নিয়মনীতির বাইরে।

