ক্যানভাসে ফুটে উঠল ঢাকার ৪১৬ বছর, শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী
রাজধানীর চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর নাগরিক জীবনের বৈচিত্র্য এবার ক্যানভাসে ফুটে উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকার প্রাচীন স্থাপনা, ধ্রুপদি ঐতিহ্য, সাংস্কৃতিক রূপ, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং কালের বিবর্তনে বদলে যাওয়া নগরচেহারা। বিভিন্ন শিল্পীর সৃজনশীল চিত্রকর্মের মাধ্যমে শহরের এসব দিক প্রকাশ পেয়েছে নতুন মাত্রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ঢাকা কেবল একটি নগর নয়; এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বাহক। শহরের প্রতিটি অলিগলি, স্থাপনা আর জনজীবনের সঙ্গে ইতিহাসের অনেক অধ্যায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চিত্রশিল্পীরা তাঁদের সৃজনশীলতা দিয়ে সেই ঢাকাকে নতুনভাবে দর্শকদের সামনে হাজির করছেন।
প্রশাসক জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ আয়োজনের অন্যতম লক্ষ্য নতুন প্রজন্মের কাছে ঢাকার সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য পৌঁছে দেওয়া এবং নগরবাসীর মধ্যে নিজ শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করা। সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণেও সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। তিনি আশা করেন, এ ধরনের সৃজনশীল আয়োজন ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে নগরবাসীর বন্ধন গাঢ় হবে।
‘উৎসবে, গর্বে, দায়িত্বে’—এই ভাবনাকে সামনে রেখে ডিএসসিসি ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে আনার উদ্যোগ নিয়েছে। ঢাকাবাসী, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের প্রদর্শনী পরিদর্শনের আহ্বান জানিয়েছেন প্রশাসক।

