সৌদিতে ই-পাসপোর্ট সেবায় নতুন হালনাগাদ, প্রবাসীদের ধৈর্যের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৬ পিএম
সৌদিতে ই-পাসপোর্ট সেবায় নতুন হালনাগাদ, প্রবাসীদের ধৈর্যের আহ্বান

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় জানানো হয়েছে, ই-পাসপোর্টের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দূতাবাসের বিশেষ উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি আবেদনকারীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোলমেন্ট হতো।

দূতাবাসের পোস্ট অনুযায়ী, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট সেবাপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী ধাপের কার্যক্রম চলছে। এ ছাড়া দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী বিশেষ ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে।

তবে কিছু আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যে অসংগতি এবং একাধিক পাসপোর্ট থাকার জটিলতার কারণে যাচাই ও প্রসেসিংয়ে বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছে দূতাবাস। এসব ক্ষেত্রে সেবাপ্রার্থী প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও সেবার মান বজায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...