নোংরা পরিবেশে মিষ্টি বানিয়ে ব্র্যান্ড দোকানে সরবরাহ, ৫০ হাজার টাকা জরিমানা
রাজধানীর মিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে রসগোল্লা, সন্দেশসহ নানা ধরনের মিষ্টি তৈরি করে নামকরা মিষ্টির দোকানে সরবরাহের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্টের অভিযানে জানা যায়, ওই নামবিহীন প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন মিষ্টি প্রস্তুত, বিক্রি ও বাজারজাত করে আসছিল। পরিদর্শনকালে সেখানে এলোমেলো ও নোংরা পরিবেশে মিষ্টি বানানোর চিত্র দেখা যায়। প্রতিষ্ঠানটি থেকে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশীর মোড় এলাকার বিভিন্ন দোকানে পাঠানো হতো বলেও অভিযানে তথ্য মেলে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে ওই অর্থ আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান ও পরীক্ষক (মেট্রলজি) শিখন সাহা।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে মানোন্নয়ন করতে, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করতে এবং কেবল অনুমোদিত পণ্যই বাজারে ছাড়তে নির্দেশ দেওয়া হয়। ভোক্তারা নামকরা ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও তা কোথায়, কী পরিবেশে ও কীভাবে তৈরি হচ্ছে তা সম্পর্কে অনেক ক্ষেত্রেই অবগত থাকেন না – এভাবে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য সরবরাহ জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

