ডেমরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি: গ্রেফতার ২, উদ্ধার পিস্তল ও শর্টগান

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৪ এএম
ডেমরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি: গ্রেফতার ২, উদ্ধার পিস্তল ও শর্টগান

রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাসভবনে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিস্তল ও একটি শর্টগানসহ বেশ কিছু গুলি-কার্তুজও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন তরিকুল ইসলাম তাপস (৩৮) ও মো. মাসুদ রানা (৩৫)।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ডেমরা থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, গত ২৮ আগস্ট ভোররাতে ডেমরা থানাধীন সারুলিয়ার ৩৮ নম্বর রানীমহল রোডে ওই ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরিহিত একদল হামলাকারী একাধিক মোটরসাইকেলে এসে আক্রমণ চালায়। বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে তারা পিস্তল ও শটগান থেকে টানা গুলি ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির গেটের সামনের রাস্তা থেকে গুলির চারটি খোসা সংগ্রহ করে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে ডেমরা থানায় এজাহার দায়ের করা হয়। তদন্তের সময় প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানাধীন এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি পুরোনো সিংগেল ব্যারেল শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...