রিজেন্ট সাহেদসহ ৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য পেছালো, নতুন তারিখ ৪ অক্টোবর
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ছয় আসামির বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ মামলার শুনানির দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক মো. জাকারিয়া হোসেন আগামী ৪ অক্টোবর নতুন দিন ধার্য করেন।
এই মামলায় সাহেদ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে আসামি করা হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও যোগসাজশে হাসপাতালটিকে করোনা চিকিৎসা ও নমুনা সংগ্রহের কাজে ব্যবহার করে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থ লোপাট করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, নিপসম ল্যাবের মাধ্যমে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা পরীক্ষা করা হলেও বিনামূল্যে পরীক্ষার কথা থাকলেও প্রত্যেক রোগীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে আদায় করা হয়। এভাবে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। লাইসেন্স নবায়ন না করেই সরকারি এমওইউ-এর মাধ্যমে এ প্রতারণা চালানো হয়েছিল।

