ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার, রাজধানীতে আটক ৩

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৩ এএম
ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার, রাজধানীতে আটক ৩

রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশায় থাকা অবস্থায় ব্যাগ ছিনতাই করতে গিয়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৭) রাস্তায় ফেলে দেন দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, ধানমন্ডি থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

চোখের চিকিৎসার জন্য গত শনিবার (২৯ আগস্ট) ভোরে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিলা পারভীন। হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় দুই মোটরসাইকেল আরোহী তার হাতে থাকা ব্যাগে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার গাবতলীর বাগবাড়ী সরকারি বালিকা বিদ্যালয়ের এই শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ছয় মাসে রাজধানীতে একই কৌশলে চলন্ত রিকশা বা অটোরিকশা থেকে ব্যাগ টান দিয়ে ফেলার ঘটনায় অন্তত তিন নারীর মৃত্যু হয়েছে। এর আগে উত্তরায় মুক্তা আক্তার এবং গত জুনে সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় সোহেলি ইসলাম একইভাবে প্রাণ হারান। এসব ঘটনা সামনে এলেও অধিকাংশ মামলা পুলিশ রেকর্ডে আসছে না বলে অভিযোগ রয়েছে।

এদিকে, রোববার (৩০ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় একটি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তোলার পর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনজন। ভুক্তভোগীর ধাওয়ার মুখে এক ডাকাত পিস্তলসহ রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ তানভীর আবেদীন জুই, মজিবর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...