সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নতুন পে-স্কেল: সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সময় সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি বলেন, সাংবাদিকদের কর্মসংস্থান ও জীবিকা নিরাপদ না করলে মানসম্মত সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, এটি একটি বাস্তব সমস্যা এবং ইলেকট্রনিক মিডিয়ার সংকট মোকাবেলায় সরকার কাজ করছে। তিনি নিশ্চিত করে বলেছেন, নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নতুন বেতন স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, সিনিয়র কর্মচারীদের বেতন ইতিমধ্যেই ইনক্রিমেন্টের মাধ্যমে বেড়েছে, তাই নতুন স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে এমনটা নয়।
সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। এছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বছরের শেষে ৪০ লাখ পরিবারকে পরিবার কার্ডের আওতায় আনা হবে, যার মাধ্যমে প্রায় দুই কোটি মানুষ সামাজিক সুরক্ষা পাবেন।

