বাড্ডার একতা আবাসিকে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম
বাড্ডার একতা আবাসিকে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা একতা আবাসিক এলাকায় চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন চাঁন মিয়া। সম্প্রতি তার বন্ধু আরিফ অন্য বাসায় উঠলেও তার কিছু মালামাল ওই ফ্ল্যাটেই ছিল। মালামাল আনতে গিয়ে আরিফ দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু জানায়, পারিবারিক সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। চাঁন মিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...