মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল স্কুলছাত্র
রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগে মায়ের অভিমানে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিকেল ৩টার দিকে বাসার দোতলায় নিজ রুমে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় তার পরিবার। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. মাসুদ জানান, তার ছেলে মোবাইল গেমস বিশেষ করে ফ্রি ফায়ার খেলার প্রতি আসক্ত ছিল। পড়ালেখার ক্ষতি হওয়ায় তার মা মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে মায়ের ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ওই কিশোর আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মাসুদ পরিবার নিয়ে পল্টনের চামেলীবাগে ভাড়া থাকলেও তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়।

