চট্টগ্রামে বাসাভবনে হাসপাতাল-স্কুল, পার্কিংয়ের জায়গায় দোকান
চট্টগ্রামে যানজট নিরসন ও নগর পরিকল্পনা বাস্তবায়নে সোমবার (৩১ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, কিছু আবাসিক ভবনে অনুমতি ছাড়াই হাসপাতাল ও স্কুল পরিচালনা করা হচ্ছে। এছাড়া, কয়েকটি প্রতিষ্ঠানে পার্কিং ব্যবস্থা না থাকা এবং অনুমোদিত পার্কিং এরিয়া দখল করে দোকান স্থাপনের প্রমাণ মিলেছে।
সরেজমিনে তদন্তে দেখা যায়, একটি আবাসিক ভবনে হাসপাতাল চালানো হলেও কর্তৃপক্ষ তাদের অনুমোদিত নকশা দেখাতে পারেনি। ওই হাসপাতালে নির্ধারিত কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় ভবনের সামনের ফাঁকা জায়গাকে পার্কিং হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, যা গ্রহণযোগ্য ছিল না। একটি সুপার মার্কেটে গ্রাউন্ড ফ্লোরের পার্কিং স্পেসে দোকান এবং একটি বেসরকারি স্কুল ভাড়া করা বাসায় চলার বিষয়টিও চউকের নজর এড়ায়নি। পাঁচলাইশ আবাসিক এলাকায় সার্জিস্কোপ, পিস পার্কসহ মোট ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মঙ্গলবারের মধ্যে চউক কার্যালয়ে অনুমোদিত নকশা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পার্কিং ব্যবস্থার ঘাটতি দূরীকরণে তাদের এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ।

