পেনশনে বড় বৃদ্ধি: সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে, ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১০:৩৭ পিএম
পেনশনে বড় বৃদ্ধি: সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে, ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২০২৬ সালের নতুন বেতন স্কেল ঘোষণার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য দারুণ খবর দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে সামরিক ও অসামরিক সবার জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বা এক গ্রেড এক পেনশন ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, যারা বর্তমানে নিট পেনশন হিসেবে ৯ হাজার টাকা বা তার কম পান, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। অর্থাৎ যারা ৯ হাজার টাকা পেনশন পান, তারা এখন থেকে ১৮ হাজার টাকা পাবেন। এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিরা ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিরা ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনভোগীরা ৫৫ শতাংশ বাড়তি পেনশন পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যারা অনেক আগে অবসরে গেছেন এবং তুলনামূলকভাবে কম পেনশন পাচ্ছেন, তাদের জীবনমান উন্নয়ন ও বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও একবারে তা কার্যকর করতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের আগে অবসর নেওয়া কর্মচারীদের অনেকের তথ্য হাতে না থাকায় তাদের বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...