জাতীয় বেতন স্কেলে প্রতিবন্ধী সন্তানের ভাতা, সুখবর পাচ্ছেন সরকারি কর্মচারীরা
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের মাধ্যমে এক ঐতিহাসিক সুখবর নিয়ে এসেছে সরকার। এবারই প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নির্দিষ্ট ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নতুন সুবিধা অনুযায়ী, প্রতিবন্ধী সন্তানের জন্য সংশ্লিষ্ট কর্মচারীরা মাসিক ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, বিশেষ সন্তানদের চিকিৎসা ও পরিচর্যার জন্য পরিবারগুলোর যে আর্থিক চাপ তা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সন্তানকে অন্যের তত্ত্বাবধানে রাখতে হয় বলে তাদের বাবা-মায়ের খরচ স্বাভাবিকের চেয়ে বেশি হয়, যা বিবেচনায় রেখেই এই আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলো।
এছাড়াও নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও মোবাইল ভাতার সুযোগ প্রসারিত করা হয়েছে। এতদিন নির্দিষ্ট কিছু গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের কর্মচারীরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। একইসাথে সপ্তম থেকে বিশতম গ্রেড পর্যন্ত মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে, যেখানে সর্বোচ্চ প্রায় ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।

