পটিয়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ যুবদলের
চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পারভেজের বিরুদ্ধে পৈতৃক জমি দখল, মিথ্যা মামলা ও পরিবার নির্যাতনের অভিযোগ এনেছেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। গত ৩০ আগস্ট রোববার রাতে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার পতনের পরও ওই নেতা প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে হয়রানি চালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে নাজমুল হোসেন জানান, জঙ্গলখাইনে তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন পারভেজের বাবা আবু বক্কর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। ২০১৬ সালে আইনি প্রক্রিয়ায় জমি উদ্ধার করলেও ওই পরিবার থেমে থাকেনি। বিভিন্ন সময়ে মামলা দেওয়া থেকে শুরু করে তাদের পুকুরের মাছ তিন দফায় বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। ৫ আগস্টের পর পরিবর্তনের সরকার আসলেও পারভেজ এখনো আত্মগোপনে না গিয়ে সুযোগের সদ্ব্যবহার করছেন বলে তিনি দাবি করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে কোটায় চাকরি পাওয়া আবু বক্কর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এক বিচারকের গাড়িচালক হিসেবে কাজ করেন। এই পদের সুবিধা নিয়ে বিচারকের নাম ব্যবহার করে তারা স্থানীয়দের মামলা ও হুমকি দিয়ে ভীত করছেন। নাজমুল হোসেন নিজেও সাবেক সাংসদ এনামুল হক এনামের সাথে রাজনৈতিক মামলায় জড়িত থাকায় দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

