তিন জেলার উন্নয়নে প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম
তিন জেলার উন্নয়নে প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর—এই তিন জেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। এই সভায় দুর্নীতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

এর আগে ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে নদীভাঙন, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী কাজ এগিয়ে নিতে হলে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করতে হবে এবং কোনো জরুরি বিষয় দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পরিদর্শন করার পরামর্শ দেন তিনি। এছাড়া কুড়িগ্রামের আইনশৃঙ্খলা বৈঠকে প্রতিবেশী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্যও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...