ভুয়া ডিজিএফআই অফিসারের অভিনব কায়দা, পাকিস্তান হাইকমিশনের সামনেই গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১২:৩৩ এএম
ভুয়া ডিজিএফআই অফিসারের অভিনব কায়দা, পাকিস্তান হাইকমিশনের সামনেই গ্রেফতার

রাজধানীর গুলশানে গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয় দিয়ে পুলিশের সামনেই ফাঁদে পা দিলেন এক যুবক। মো. সাইফ ইমরান (৩৭) নামের ওই ব্যক্তি নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দিয়ে মোটরসাইকেল পার্কিং করতে চান। এঘটনায় তাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাইফ ইমরান পাকিস্তান হাইকমিশনের সামনে তার মোটরসাইকেলটি পার্ক করেন। ওই এলাকায় পার্কিং বারণ থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দিলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন। এসময় তিনি জানান, গোয়েন্দা সংস্থার গাড়ি সাধারণত ওই স্থানেই রাখা হয়।

পুলিশ সদস্যদের সন্দেহ হলে ওই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি আবার একই স্থানে ফিরে আসলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচয় সম্পর্কে কঠোর প্রশ্নের মুখে তিনি তার আসল পরিচয় গোপন করতে ব্যর্থ হন। এরপর তিনি স্বীকার করেন যে, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা নন এবং মিথ্যা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ভুয়া পরিচয় প্রদান ও প্রকৃত তথ্য গোপনের অভিযোগে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।

ওসি মো. দাউদ হোসেন রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাইফ ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এহেন পরিস্থিতি সৃষ্টির কারণ সম্পর্কে সদুত্তর দিতে পারেননি বলেও জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...