ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার সাইফ ইমরান
রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডার জেরে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। নিজের প্রকৃত পরিচয় গোপন করতে তিনি নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দিয়েছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তার মিথ্যাচারের বিষয়টি প্রমাণিত হলে শনিবার (২৯ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গুলশানের পাকিস্তান হাইকমিশন সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল পার্ক করেন সাইফ ইমরান। নিরাপত্তার স্বার্থে ওই স্থানে গাড়ি পার্কিং করতে নিষেধ করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এর প্রেক্ষিতে তিনি দাবি করেন, তিনি ডিজিএফআইয়ের সহকারী পরিচালক এবং তাদের গাড়ি সাধারণত সেখানেই রাখা হয়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আবার ওই স্থানে হাজির হলে পুলিশের সন্দেহ বাড়ে। এরপর তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসল পরিচয় গোপন রেখে ভুয়া পরিচয় প্রদানের অপরাধে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

