পুলিশে বড় রদবদল: নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এসব বদলি ও নিয়োগ অনুমোদন করা হয়।
বদলির তালিকায় দেখা যায়, মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার এসপি এবং ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটে আরও কয়েকজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের এসপি শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পিটিসিতে নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে সই করেছেন।

