সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ ও কাজ বন্ধের দাবি

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৩:৪৫ পিএম
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ ও কাজ বন্ধের দাবি

কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সৈকতের বালিয়াড়ি ও উপকূলীয় বনাঞ্চল ধ্বংস করে চলমান সড়ক নির্মাণ প্রকল্পের জন্য সংস্থাটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। জাইকার অর্থায়নে কক্সবাজার পৌরসভার এই প্রকল্পটি অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছেন পরিকল্পনাবিদরা।

রোববার (৩০ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিআইপি জানায়, সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত সড়ক নির্মাণের নামে বালিয়াড়ি ভরাট ও কেটে ফেলা হচ্ছে। এই বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদ কেবল সৌন্দর্যের অংশ নয়, বরং জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং উপকূল ভাঙনরোধে এরা প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এই স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করলে দীর্ঘমেয়াদে কক্সবাজারের জলবায়ু সহনশীলতা ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পর্যটকদের সুবিধার কথা বলে যদি উপকূলের প্রাকৃতিক সুরক্ষাই নষ্ট করা হয়, তবে তা পরিকল্পনার যৌক্তিকতার বিরোধী। বিকল্প রুট থাকা সত্ত্বেও বালিয়াড়ি এলাকায় সড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে মনে করে বিআইপি। তারা দাবি করেছে, পরিবেশগত ছাড়পত্র ও আইনি প্রক্রিয়া ঠিক আছে কিনা তা যাচাই করে প্রকল্পটির স্বাধীন পুনর্মূল্যায়ন করতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে এই প্রকল্প বাতিল করে টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...