মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ, শুরু সেপ্টেম্বরে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ধাপে ধাপে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানোর কাজ সম্পন্ন করা হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান এক বৈঠকে মিলিত হন। এ সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী নিয়োগ দেবে দেশটি।
এছাড়াও বিশেষ সুযোগ সুবিধার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই দুই লাখ কর্মীর বাইরে আরও ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া। এই ১০ হাজার লোককে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের খরচ করতে হবে না। সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে তাদের বিদেশে পাঠানো হবে। এই প্রক্রিয়াও আগামী সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে বলে জানানো হয়েছে।

