পর্যটকদের সুবিধায় আধুনিক হচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত
সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে। এই সৈকতকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) সৈকতে এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার অংশ হিসেবে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের যৌথ এই আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা সৈকতের ওয়াকওয়ে পরিষ্কার করেন এবং পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অভিযানের সময় সৈকতের বিভিন্ন দোকান ঘুরে দেখেন জেলা প্রশাসক। তিনি দোকান মালিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সতর্ক থাকতে এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার নির্দেশ দেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য পতেঙ্গা অত্যন্ত আকর্ষণীয় স্থান হলেও পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে। এই সমস্যা সমাধানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৈকতে আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করা হবে।

