গুমের অভিজ্ঞতায় স্বরাষ্ট্রমন্ত্রী: কবরের মতো কক্ষে ৬১ দিন
রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে নিজের গুম হওয়ার রোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে তিনি বলেন, ৬১ দিন অজ্ঞাত আটকে থাকার পর ভারতের শিলংয়ে নিজের পরিচয় প্রমাণ করতে গিয়ে ক্যামেরার সামনে মাত্র এক সেকেন্ডের জন্য বলেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম সালাহউদ্দিন।’
নির্যাতনের সেই দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী জানান, তাকে প্রায় ৮ ফুট বাই ৪ ফুটের একটি সংকীর্ণ কক্ষে রাখা হয়েছিল, যা ছিল কবরের মতো নিথর। দিনরাতের কোনো পরিচয় ছিল না। নাশতা এলে বুঝতেন সকাল হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে থাকায় দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে দিন গুনতেন তিনি। সেই কক্ষটিতে বিষাক্ত পোকামাকড়ের দৌরাত্ম্য ছিল বলেও উল্লেখ করেন তিনি। শুধু পানির কল আর পায়খানার জন্য একটি ছিদ্র ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা ছিল না।
সালাহউদ্দিন আহমদ জানান, অসুস্থ হলেও সেখানে চিকিৎসা পাওয়া যেত না। গুমকারীদের তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বলতেন, তার হার্টে স্টেন্টিং ও কিডনিতে জটিলতা আছে। তিনি বলেন, ‘আমার মৃত্যু হলে তোমরা আমার লাশটা আমার পরিবারের কাছে ফেরত দিও।’ অবশেষে ৬১ দিন পর চোখ বেঁধে তাকে শিলংয়ে নেওয়া হয়। সেখানে প্রথমে তাকে মানসিক রোগী ভেবে হাসপাতালে ভর্তি করা হয়, পরে পুলিশের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

