পর্যটকদের সুবিধায় পতেঙ্গা সৈকতে আসছে আধুনিক সুযোগ সুবিধা

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৭:০০ এএম
পর্যটকদের সুবিধায় পতেঙ্গা সৈকতে আসছে আধুনিক সুযোগ সুবিধা

চট্টগ্রামের জনপ্রিয় পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করতে আধুনিক ডাস্টবিন এবং পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত শনিবার (২৯ আগস্ট) সৈকতে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভবিষ্যতে পর্যটকরা যাতে কোনো অসুবিধা না পোহান, সেজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত হাতে নেওয়া হবে।

‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। এসময় সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয় এবং পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। তিনি দোকান মালিকদের কড়া নির্দেশ দেন যেন তারা নির্ধারিত ডাস্টবিনের বাইরে কোনো বর্জ্য না ফেলেন। তিনি বলেন, পতেঙ্গার সূর্যোদয় ও সূর্যাস্ত দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করলেও অপরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অনেকেই হতাশ। এই সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...