সেতু মেরামতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা, নাকাল যাত্রীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে চলমান জরুরি সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবারও কাটেনি, ফলে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা হয়েছে যাত্রীদের।
জানা গেছে, সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে এক লেন বন্ধ করে মেরামত কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। অপর লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল করলেও ক্রমাগত বাড়তে থাকা যানবাহনের চাপে ধীরে ধীরে থমকে যায় সারা মহাসড়ক। কুমিল্লার চান্দিনা থেকে শুরু হয়ে এই যানজটের সারি নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
স্বাভাবিক সময়ে ১ থেকে দেড় ঘণ্টার পথ পারি দিতে যাত্রীদের লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটকে পড়া খন্দকার আরিফ হোসেন জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে তার চার ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলেও জানান তিনি। অপর যাত্রী মোহাম্মদ হোসাইন জানান, দুপুর ১২টায় কুমিল্লা থেকে রওয়ানা হলেও দাউদকান্দি পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। গাড়ির ভেতর বসে থাকা অসম্ভব কষ্টকর হয়ে পড়েছে এবং নারী যাত্রীরা প্রাথমিক চাহিদা মেটাতে পারছেন না বলে জানান তিনি।

