পর্যটকদের আনন্দের জন্য নতুন রূপে সাজছে পতেঙ্গা সমুদ্রসৈকত
চট্টগ্রামের জনপ্রিয় পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক ডাস্টবিন এবং ওয়াশ ব্লক স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। একই সাথে প্রকৃতির সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে সৈকতের সাজসজ্জায় নতুনত্ব আনা হবে। শনিবার (২৯ আগস্ট) সৈকতে আয়োজিত এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব তথ্য জানান।
‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার অংশ হিসেবে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তা, ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক এবং স্থানীয়রা অংশ নেন। শুরুতে একটি র্যালি বের করা হয় এবং পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এ সময় পর্যটক ও দোকানদারদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানের সময় জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। তিনি দোকান মালিকদের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পর্যটকদের ময়লা না ফেলতে উৎসাহিত করার নির্দেশ দেন। ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্যের জন্য এই সৈকত দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়, তবে পরিবেশ ও খাবারের মান নিয়ে অসন্তোষ রয়েছে। এই অসন্তোষ দূর করতে প্রশাসন সুন্দর ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

