মোংলার মিরাজ নিখোঁজ: রাজনীতি নয়, জলদস্যু বিরোধের ইঙ্গিত মন্ত্রীর
বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে গুমের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ ঘটনায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হয়নি; বরং এটি জলদস্যুদের পারস্পরিক দ্বন্দ্বের ফল হতে পারে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মিরাজ শেখ ও তার পরিবার নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিলেন, যা দিয়ে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ আনা-নেওয়া করা হতো। কোস্ট গার্ড ওই পন্টুনটি সরিয়ে দিলে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা কোস্ট গার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা করা হলেও মিরাজকে কোস্ট গার্ড তুলে নিয়েছে বলে অভিযোগ ওঠে। তবে স্বাধীন তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মিরাজ শেখ এবং তার বাবার অতীত রেকর্ড একই ধরনের ছিল। তার বিরোধী গ্রুপের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মিরাজের অন্তর্ধান জলদস্যুদের গোষ্ঠীগত বিরোধের ফলাফল হতে পারে, যা নিয়ে গুমের কাহিনী সাজানোর চেষ্টা হচ্ছে। সরকার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে বদ্ধপরিকর।

