পার্কিং দখল ও নকশার ব্যত্যয়: সিডিএর অভিযানে জরিমানা ৪১ লাখ

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১১:৪১ এএম
পার্কিং দখল ও নকশার ব্যত্যয়: সিডিএর অভিযানে জরিমানা ৪১ লাখ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পার্কিং স্পেস দখলের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) চালানো এই অভিযানে নকশা না মেনে নির্মাণ ও পার্কিংয়ের জায়গা দখল করে ব্যবসা করার দায়ে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা এবং তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের উপস্থিতিতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত দুই জনপ্রিয় সুপারশপ ‘উৎসব’ ও ‘স্বপ্ন’-এর পার্কিংয়ের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘উৎসব’কে ৮ লাখ এবং ‘স্বপ্ন’কে ১১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে ‘সেফস লাউঞ্জ’ নামের একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। এছাড়া তিনটি ভবনের অননুমোদিত বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয় এবং ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, অনেক বড় বড় সুপারশপ ও প্রতিষ্ঠান নির্মাণ করা হলেও তাদের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা থাকে না, যা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি সবাইকে সিডিএর অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ এবং স্কুল, কলেজ, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখার আহ্বান জানান। সিডিএর অথরাইজড অফিসার তানজিব হোসেন জানান, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...