সারাদেশে উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
দেশের ৬৪টি জেলার সার্বিক উন্নয়ন কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের অর্থের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে তা লুটপাট করা হয়েছে। এসব অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অপর অংশ মাদক ব্যবসা ও সামাজিক অবক্ষয়ের কাজে ব্যবহৃত হচ্ছে—যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। এমন পরিস্থিতিতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা ভিত্তিক এই তদারকি কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর; ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গার দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার আবদুল মুক্তাদির পাবেন হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী মৌলভীবাজারের দায়িত্ব পালন করবেন। এছাড়া পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (চট্টগ্রাম), এম রশিদুজ্জামান মিল্লাত (শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা), আসাদুল হাবিব দুলু (ঠাকুরগাঁও, দিনাজপুর) এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট) দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ; সাচিং প্রুকে কক্সবাজার; মো. শরীফুল আলমকে টাঙ্গাইল ও নরসিংদী এবং শামা ওবায়েদ ইসলামকে মাদারীপুর ও শরীয়তপুরের তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে। সব মিলিয়ে সরকারের এই উদ্যোগ মাঠ পর্যায়ে শাসন ব্যবস্থার গতি ও স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

