যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তা প্রশিক্ষণ শেষ

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৪:৩২ এএম
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তা প্রশিক্ষণ শেষ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) সার্বিক সহযোগিতায় এই ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরের এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা, তদারকি দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিস্তারিত ধারণা প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। প্রধান অতিথি এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী সেবার মান উন্নয়নের জন্য এ ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ সময় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকেও ভবিষ্যতে বাংলাদেশের বিমান নিরাপত্তা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...