বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যের সহায়তা, শেষ হলো ৫ দিনের প্রশিক্ষণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ এ দেশের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে এভিয়েশন নিরাপত্তার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকরা তত্ত্বাবধান ক্ষমতা বাড়ানো এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন।
অনুষ্ঠানে এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্টদের দক্ষতা ও জ্ঞান সময়ে সময়ে আপডেট করতে হবে। তিনি যুক্তরাজ্য সরকার এবং ডিএফটির এই উদ্যোগের প্রশংসা করেন। অন্যদিকে রায়ান ডানকানসন এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তা উন্নয়নে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

