ঢাকার বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, ইউনিটে দাম ২৫ টাকা
রাজধানীর আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুত কিনবে সরকার। এর জন্য প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজধানীর বিশাল বর্জ্যের সমস্যার সমাধান হবে। চীনের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অর্থায়ন করবে এবং এতে সরকারের নিজস্ব কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৮ মাসের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। দাম বেশি মনে হলেও পরিবেশ রক্ষা ও কার্বন ক্রেডিটের সুবিধার কারণে এটি লাভজনক হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি জৈব সার উৎপাদন করা হবে এবং ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়া দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল থেকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের ‘পাওয়ার চায়না’ নামক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে।

