ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় সুষ্ঠু হবে জন্মাষ্টমী, মোতায়েন সোয়াট
আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হবে। এই উপলক্ষে উপাসনালয় ও শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের নিরাপত্তা বলয়ে এবার সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিটসহ ব্যাপক পুলিশ মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিরাপত্তার সার্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। তিনি জানান, প্রতিটি থানার উপ-কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। শোভাযাত্রা ও মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরা, রুফটপ সেন্ট্রি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।
সভায় উৎসব আয়োজকদের প্রতি কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। নির্ধারিত রুটে ও সময়ের মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। এছাড়া ধর্মীয় সম্প্রীতির স্বার্থে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বন্ধ রাখা, শোভাযাত্রায় ব্যাগ বহন না করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

