ইসলামাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, শান্তির বাণী প্রচার

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১১:১১ এএম
ইসলামাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, শান্তির বাণী প্রচার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বক্তব্য রাখেন। তিনি বলেন, মহান আল্লাহ মানবজাতির কল্যাণে হেদায়েতের জন্য রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীজির (সা.) আগমন মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। বক্তারা সর্বসম্মতিক্রমে বলেন, মহানবীর (সা.) শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, ভ্রাতৃত্ব ও শান্তির পথে পরিচালিত করে।

আলোচনা শেষে বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এতে উপস্থিত সবাইকে মহানবীর (সা.) আদর্শ ও সুন্নাহ অনুসরণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবীর (সা.) আদর্শ বিশ্ববাসীর জন্য একমাত্র মুক্তির পথ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...