মহানবীর (সা.) জীবনাদর্শ ইসলামাবাদে হাইকমিশনে তুলে ধরা হলো

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১০:২৬ এএম
মহানবীর (সা.) জীবনাদর্শ ইসলামাবাদে হাইকমিশনে তুলে ধরা হলো

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেখানকার বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বক্তারা আলোচনায় উল্লেখ করেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ ব্যক্তি এবং সমাজ জীবনকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। তাঁর শিক্ষা মানুষকে সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির পথে পরিচালিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, মানবজাতির হেদায়েত ও কল্যাণের জন্য মহান আল্লাহ রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর আগমন মানবজাতির জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে। হাইকমিশনার আরও বলেন, মহানবী (সা.) তাওহিদের দিকে আহ্বানের পাশাপাশি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। তাই ধর্মীয় ও পার্থিব কল্যাণের জন্য তাঁর জীবনাদর্শ অনুসরণ করা সকলের জন্য অপরিহার্য।

অনুষ্ঠানের সমাপ্তিতে বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...