পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে মহানবীর (সা.) জীবন ও শান্তির শিক্ষা আলোচিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এসময় পবিত্র দিনটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ ব্যক্তি ও সমাজ জীবনে অনুসরণীয়। তাঁর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার পথ দেখিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, মহান আল্লাহ মানবজাতির হেদায়েত ও কল্যাণের জন্য রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাওহিদের দিকে আহ্বানের পাশাপাশি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি সবাইকে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

