বিপিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৩:২৪ এএম
বিপিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সচিবসহ (পিএস) দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি দায়িত্ব পায়।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন বিপিসির উপ-ব্যবস্থাপক ও সাবেক পিএস মো. আহম্মদুল্লাহ এবং উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ার। সরকারের কেন্দ্রীয় ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ (জিআরএস) পোর্টালে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হিসেবে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত আছেন।

তদন্ত কমিটিতে বিপিসির প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, তারা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...