দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা রক্ষায় ফায়ার সার্ভিস ও রেডিও অপারেটরদের যৌথ মহড়া সম্পন্ন
দেশে বড় ধরনের দুর্যোগ আঘাত হানলে সাধারণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতেও উদ্ধার ও জরুরি সেবা অব্যাহত রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ তিন দিনব্যাপী মহড়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এই কমিউনিকেশন এক্সারসাইজের সমাপ্তি ঘটে।
রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই মহড়ায় দেশের আট বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগের বাস্তব পরিস্থিতি সিমুলেশন করা হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান রোববার সকালে এর উদ্বোধন করেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এই মহড়ার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল যাচাই করা যে, প্রধান যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে এআরএবি’র সদস্যরা কীভাবে বিকল্প বেতার নেটওয়ার্ক স্থাপন করে উদ্ধার কাজে সহায়তা করতে পারবেন।
এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, এআরএবি’র সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

