আগামী প্রজন্মকে এআই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান এরশাদ উল্লাহর

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৯:২২ এএম
আগামী প্রজন্মকে এআই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান এরশাদ উল্লাহর

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামী বিশ্ব হবে জ্ঞানদীপ্ত ও এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) লড়াই। নতুন প্রজন্মকে সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই একদিন দেশের হাল ধরবে এবং পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় উপজেলা ও পৌরসভা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি এরশাদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। তাই শিক্ষার্থীদের ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এমপি আরও বলেন, এই সাফল্যই শেষ নয়, জীবনের অন্যান্য ধাপে অগ্রগামী হওয়ার অনুপ্রেরণা এটি। বড় স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নপূরণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যাবোধে আলোকিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...