চট্টগ্রামে হাসপাতালগুলোতে অনিয়ম, পার্কিং ও নিরাপত্তায় চউকের নোটিশ
চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল, সুপারশপ ও শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ স্থাপনা ও নিরাপত্তার ঘাটতি ধরেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত সোমবার (২৪ আগস্ট) চউকের একটি টিম এসব প্রতিষ্ঠান পরিদর্শনে যায় এবং পার্কিং ব্যবস্থার অব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ফাঁক দেখতে পায়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়।
ল্যানসেট হাসপাতালের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে। আবাসিক ভবনের ভেতরে চালু থাকা হাসপাতালটিতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় নির্ধারিত স্থানে দোকান বসানো হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থায়ও বড় ধরনের ঘাটতি লক্ষ্য করা যায়। সব মিলিয়ে ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা দেখা গেছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ উন্নত না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
একই অভিযানে ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিংয়ের জায়গায় গ্যাস সিলিন্ডার রাখা এবং যানবাহন রাখার অপর্যাপ্ত ব্যবস্থা দেখা যায়। তাদের অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, শেভরন হাসপাতালে বেসমেন্টে পার্কিং থাকলেও নিচতলায় নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা না থাকায় তিন মাস সময় দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বেলভিউ হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকায় দ্রুত তা ঠিক করতে বলা হয়েছে।

