বনানীতে স্লিপার বাস মালিকদের অবরোধ, চরম দুর্ভোগে নগরবাসী
রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেছে স্লিপার এসি বাস মালিক সমিতি। রোববার (২৩ আগস্ট) দুপুরে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী তাদের বহরের ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর সোয়া ১টার দিকে সমিতির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর সোয়া ২টার দিকে বিআরটিএতে স্মারকলিপি জমা দিয়ে তারা সড়ক থেকে সরে যান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল রানা জানান, আইনি জটিলতার কারণে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার দাবিতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।
বিআরটিএ কার্যালয়ে স্মারকলিপি দিয়ে স্লিপার বাস মালিকরা তাদের ৭ দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে- আদালতের মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা না করা, আন্তর্জাতিক মান মেনে পলিসি প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দূর করা এবং চলমান মামলার কারণে গাড়ি আটক বা অযৌক্তিক জরিমানা বন্ধ করা। এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরিরও দাবি জানিয়েছেন তারা।

